বেগম খালেদা জিয়া এখন থেকে ভিআইপি—সরকারের নতুন প্রজ্ঞাপন জারি
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হওয়া একটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসএসএফ আইন, ২০২১–এর ২(ক) ধারার বিধান অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় খালেদা জিয়া ও তার নিকটপরিবার এখন থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী—এসএসএফের সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বার্ধক্যজনিত জটিলতা বাড়ায় হাসপাতালের সামনে প্রতিদিনই নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপস্থিতি থাকলেও বাড়তি জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে।