বগুড়ার দুপচাঁচিয়ায় দাদার বিরুদ্ধে ছয় বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার (৮০) বিরুদ্ধে। শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে বুধবার সকালে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার শিশুটি বাবার সঙ্গে বগুড়া শহর থেকে দাদার বাড়ি দুপচাঁচিয়ায় বেড়াতে গেলে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির মা থানায় মামলা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর সকালে শিশুটির মা ঢাকায় যান। এদিন সকাল ১০টার দিকে বাবা দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যান এবং বিকেলে শহরের বাসায় ফেরেন। রাতে বাড়ি ফিরে শিশুটির মা গৃহকর্মীর মাধ্যমে সন্তানের রক্তমাখা প্যান্ট দেখে সন্দেহ করেন।
ঘটনার পর শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। প্রথম দফা নমুনা পরীক্ষার পর ৩০ নভেম্বর দ্বিতীয় দফা পরীক্ষায় চিকিৎসকেরা শিশুটির যোনিপথ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।